হার্ট ফেলিওর! এক নিঃশব্দ ঘাতক.....
হার্ট। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিন্তু এই অঙ্গটা বিগড়লেই জীবন বরবাদ। এবার হার্টের বহু সমস্যা আছে, তার মধ্যে একটা ভীষণ কমন প্রবলেম হচ্ছে হার্ট ফেলিওর। তবে চিকিৎসকরা অবশ্য হার্ট ফেলিওরকে ‘অসুখ’ না বলে, ‘সিনড্রোম’ বলে থাকেন। এখন প্রশ্ন হল এই বহুল প্রচলিত সমস্যা 'হার্ট ফেলিওর' আসলে কি? চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, বিভিন্ন কারণে হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে গিয়ে পাম্প করার ক্ষমতা কমে যায়। ফলে রক্ত চলাচল ব্যহত হয়। পাশাপাশি অক্সিজেনের ঘাটতির কারণেই শুরু হয় নানান শারীরিক সমস্যা। এটাই হচ্ছে হার্ট ফেলিওর।
হার্ট ফেলিওয়ের প্রথম দিকে শ্বাসকষ্ট, খুব ক্লান্ত বোধ এবং গোড়ালি ফুলে যাওয়ার মত সমস্যা তৈরি হয়। অ্যাকিউট হার্ট ফেলিওর হলে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন আছে। নাহলে উপসর্গগুলো ধীরে ধীরে ক্রনিক হার্ট ফেলিওরের কারণ হতে পারে। হার্ট ফেলিওয়ের নির্দিষ্ট একটা কোন কারণ না থাকলেও অতিরিক্ত রক্ত চাপের কারণে হার্ট ফেলিওর হতে পারে। পাশাপাশি, রক্তস্বল্পতা, অতিসক্রিয় থাইরয়েড গ্রন্থি (হাইপারথাইয়েডিজম) বা ফুসফুসের উচ্চরক্তচাপের (পালমোনারি হাইপারটেনশন) জন্যেও হার্ট ফেলিওর হতে পারে।
হার্ট ফেলিওর প্রধানত তিন ধরনের হয়। ১) সিস্টোলিক হার্ট ফেলিওর, ২) ডায়াস্টলিক হার্ট ফেলিওর ৩) কনজেসটিভ হার্টফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওরহলে হাত, পা, মুখ ফুলে যেতে পারে। তাই সতর্ক হয়ে যেতে হবে। ডায়াবেটিস, কোলেস্টেরল, কিডনির রোগ বেশি থাকলে হার্ট ফেলিওরের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। হার্ট ফেলিওর বোঝার জন্য প্রথমে করতে হয় ইকো কার্ডিওগ্রাম। এছাড়া করা যেতে পারে হার্টের এমআরআই। আর সবথেকে ভালো হয় হার্টের নিউক্লিয়াস স্ক্যান করতে পারলে। এইসব টেস্ট করলেই পরিষ্কার বোঝা যায় হার্ট ফেলিওরের মত কোন সমস্যা দেখা যাচ্ছে কিনা।
আজকের দিনে দাঁড়িয়ে অবশ্য, হার্ট ফেলিওরের দারুণ চিকিৎসা রয়েছে। ওষুধের উপর ভরসা করে অবশ্য অনেকেই ভালো থাকছেন। এছাড়া অনেক ক্ষেত্রে বসানো হয় স্টেন্ট। তবে হার্টের অবস্থা খুব খারাপ হয়ে গেলে, একদম শেষ পর্যায়ে হার্ট প্রতিস্থাপন করতে হয়। এই রোগীদের নুন জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলা হয় কারণ শরীরে জল জমতে পারে। এছাড়া জল খাওয়ার উপরও নিয়ন্ত্রণ রাখতে হয় এই রোগীদের। তাই মাথায় রাখবেন, হার্ট ফেলিওরের সমস্যা থাকলে ডায়েটের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবার আগে দরকার।





